প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
এলপিজিতে কমছে ভ্যাট: আমদানিতে ১০% করার প্রস্তাব
বাজারে এলপি গ্যাসের তীব্র সংকট কাটাতে ও দাম কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স পুরোপুরি মওকুফ করে আমদানি পর্যায়ে ভ্যাট ১০ শতাংশ নির্ধারণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এ সিদ্ধান্ত কার্যকর হলে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে উৎপাদন পর্যায়ে বিদ্যমান সব ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে বর্তমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশের নিচে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ এলপিজি বেসরকারিভাবে আমদানি করতে হয়, যা গৃহস্থালি ও শিল্প খাতে ব্যবহৃত হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, শীতকালীন চাহিদা বৃদ্ধি এবং বিশ্ববাজারে সরবরাহের ঘাটতির কারণে স্থানীয় বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিরসনে ভ্যাট কমানো জরুরি। সম্প্রতি ‘এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (এলওএবি)-এর নেতাদের সাথে সরকারের এক বৈঠকে এলপিজিকে ‘গ্রিন ফুয়েল’ হিসেবে বিবেচনা করে কর ছাড়ের অনুরোধ জানানো হয়।
উপদেষ্টা পরিষদের পূর্ববর্তী আলোচনার সূত্র ধরে জ্বালানি বিভাগ জানায়, স্থানীয় পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট এবং আগাম কর অব্যাহতি দেওয়া হলে বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে। এখন এনবিআর এই প্রস্তাব বাস্তবায়ন করলে সাধারণ মানুষের নাগালে আসবে এলপিজি সিলিন্ডারের দাম।
Copyright © 2026 All rights reserved.